সব ডেটার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

১২ জুলাই, ২০২০ ১৯:৪০  
ব্যক্তিগত, বাণিজ্যিক এবং রাষ্ট্রীয় তথ্যের নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে সব ধরনের ডেটার সুরক্ষায় সরকার সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এক্ষেত্রে আইনের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর গুরুত্বারোপ করেছন তিনি। আজ রোববার (১২ জুলাই) লিগ্যাল কাউন্সিল আয়োজিত ডেটা প্রোটেকশন অ্যান্ড প্রাইভেসি শীর্ষক ওয়েবিনারে দেয়া বক্তব্যে এ বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী। এসময় বিকাশ এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কামাল কাদির, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির এবং ও লিগ্যাল কাউন্সিলের প্রধান ব্যারিস্টার ওমর এইচ খান সংযুক্ত ছিলেন। ওয়েবিনার সঞ্চালনা করেন লিগ্যাল কাউন্সিলের পার্টনার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন,সকল প্রকার ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল প্রযুক্তি যত বিকশিত হচ্ছে ডেটা নিরাপত্তার প্রয়োজনীয়তা তত বাড়ছে। আবার ডেটা যারা চুরি করছে তারা প্রযুক্তিগত দিক থেকে খুবই পারদর্শী। এই পরিস্থিতিতে আইনের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল অপরাধ এবং তা মোকাবেলা একেবারেই নতুন ধারণা। পরিবর্তিত পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। প্রযুক্তিগত অপরাধের বিষয়ে মানুষের মধ্যে ইতোমধ্যে সচেনতা বেড়েছে। আইনশৃঙ্গলা রক্ষা বাহিনী এই বিষয়ে অত্যন্ত সচেষ্ট হওয়ায় অপরাধের মাত্রাও উল্লেখযোগ্য হারে কমছে। প্রযুক্তির অপরাধ প্রযুক্তি দিয়ে মোকাবেলা করার সক্ষমতা অর্জনেও সরকার পিছিয়ে নেই বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠিত অপরাধ প্রতিরোধে ২২ হাজার পর্ন্য সাইট ও ৪ হাজার জোয়ার সাইট বন্ধ করা হয়েছে।